৬ দশমিক ২ মাত্রায় ফের ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে সোমবার (২৭ এপ্রিল) ভোরে এ কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে।

জেএমএ জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

জেএমএ কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ‘এটি সাম্প্রতিক বড় ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়, বরং একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাথর ধসের ঝুঁকি বেড়েছে।’

এর আগে, গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ছয়জন আহত হন। ওই ভূমিকম্পের পর ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে উপকূলে।