যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে সংবাদদাতাদের সাথে নৈশভোজ চলাকালীন ভয়াবহ এক গোলাগুলির ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তার বলয় ভেদ করে বন্দুকধারীর এই হামলার চেষ্টায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
হামলার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে প্রতিবছরের মতো ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এর আয়োজন করা হয়েছিল।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনে যখন ট্রাম্প ও মেলানিয়া অতিথিদের সাথে সময় কাটাচ্ছিলেন, তখনই হঠাৎ ৭ থেকে ৮টি গুলির বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ আতঙ্কে রূপ নেয়।
গুলির শব্দ শোনার সাথে সাথেই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ক্ষিপ্রতার সাথে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিনারে অংশ নেওয়া প্রায় ২ হাজার ৬০০ অতিথি প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন এবং অনেকেই হলের নিরাপদ কোণে সরে যান। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প দম্পতিকে দ্রুত মঞ্চের পেছনে নিয়ে যান এবং পরবর্তীতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার কিছু সময় পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন যে, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে তাদের সরে যেতে হয়েছে। ট্রাম্প লিখেন, ‘সন্ধ্যাটি পরিকল্পনার চেয়ে বেশ আলাদা ছিল এবং আমাদের এটি আবার নতুন করে করতে হবে।’
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।
তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কি না বা বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে বিস্তারিত এখনও জানায়নি পুলিশ।
ওয়াশিংটন জুড়ে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিক্রেট সার্ভিস পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।