যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানিয়েছে ইরানি দূতাবাস।
এক প্রতিবেদনে সামা টিভি বলছে, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা নেতৃত্বের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন।
ইরানি প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা নতুন করে গতি পেয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে ইরানি দলটি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে এবং বিভিন্ন পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছে।
এদিকে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও আলোচনায় অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে ইসলামাবাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন বলে জানানো হয়েছে।