# স্থায়ী যুদ্ধবিরতির আশা মিশর ও পাকিস্তানের

# উইটকফ ও কুশনারকে পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প

# আসিম মুনির-আরাগচি বৈঠক

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার সাথে কোনো সরাসরি বৈঠকে বসছে না। এদিকে মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আশা ব্যক্ত করেছেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে আলোচনার জন্য তার দুই দূতকে পাকিস্তানে পাঠাচ্ছেন। তাদের গতকাল শনিবারই পাকিস্তানে পৌঁছানোর কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। জিও নিউজ, এপি, সিএনএন, এএফপি, আল-জাজিরা, ডন।

যুদ্ধ থেকে সম্মানজনক

প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে। গতকাল শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) বলেছে, ‘বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে।’ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। এমন এক সময়ে ইরানের পক্ষ থেকে এই কঠোর মন্তব্য এল। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা দেশটির নেই।

উইটকফ ও কুশনারকে পাকিস্তান

পাঠাচ্ছেন ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দুই দূতের গতকাল শনিবার পাকিস্তানে পৌঁছানোর কথা এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। লেভিট বলেন, ‘আমরা আশাবাদী যে এটি একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং চুক্তির দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে।’

লেভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের কথা শোনার জন্যই উইটকফ ও কুশনারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনে ইরান থেকে আমরা কিছু অগ্রগতি লক্ষ্য করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য তিনি প্রদান করেননি।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় স্থায়ী

যুদ্ধবিরতির আশা মিসর ও পাকিস্তানের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আশা ব্যক্ত করেছেন। তাঁরা আশা করছেন, এ আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা একটি স্থিতিশীল যুদ্ধবিরতি নিশ্চিত করবে, উত্তেজনা কমাবে ও বর্তমান সংঘাত বন্ধের পরিবেশ তৈরি করবে। আলাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে আরব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সমাধানের ওপরও জোর দেন।

ইসলামাবাদে আসিম মুনির আরাগচি বৈঠক

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবস্থিত ইরান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তাঁরা একমত হয়েছেন।

ইরান দূতাবাস জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে আরও ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার

প্রস্তাব নাকচ করল ইরান

বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেও, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো সরাসরি বৈঠকে বসছে না।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জামাতা জারেড কুশনার গতকাল শনিবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সাথে যোগ দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। মূলত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে একটি সমঝোতায় পৌঁছানোই এই সফরের মূল লক্ষ্য। এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবারেই ইসলামাবাদে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। তেহরানের দাবি বা প্রস্তাবগুলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।