চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া সংকটের কারণে শনিবার রাত ৮টার দিকে কারখানাটির উৎপাদন সম্পূর্ণরূপে স্থগিত করা হয়।

কারখানার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএপি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ করে পার্শ্ববর্তী দুটি সার কারখানাÍচিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। তবে গত ৪ মার্চ থেকে তীব্র গ্যাস সংকটের কারণে এ দুই কারখানায় অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানায়ও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় ডিএপি কারখানা কর্তৃপক্ষ পূর্বে মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়। কিন্তু সেই মজুত শেষ হয়ে যাওয়ায় অবশেষে কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ডিএপি কারখানাটি পরিচালনা করে। দেশের কৃষি খাতে নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান। ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া কারখানাটিতে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক বলেন, “গত ৪ মার্চ থেকে আমরা অ্যামোনিয়া পাচ্ছি না। এরপরও পূর্বের মজুত দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছিল। এখন মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় শুরু হলে উৎপাদনও চালু করা হবে।”