পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে এলাকার যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও জনসাধারণের অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৮ আগস্ট) নিজ নির্বাচনী এলাকার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগব্যবস্থার দুর্ভোগ এবং জনসাধারণের চলাচলের নানা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিস্তারিত তথ্যও নেন।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন একটি দ্বীপাঞ্চল হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা অনেক বেশি চ্যালেঞ্জিং। মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তবে এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, “চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাউফল উপজেলার একটি দ্বীপাঞ্চল। এখানকার মানুষের জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা অনেক বেশি চ্যালেঞ্জিং। আল্লাহর রহমতে চন্দ্রদ্বীপের মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এ জন্য আপনাদেরও সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।”
দ্বীপাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করারও অঙ্গীকার করেন তিনি। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চন্দ্রদ্বীপের কোনো মানুষ অসুস্থ হলে যাতে দ্রুত নদীপথে হাসপাতালে পৌঁছাতে পারেন এবং জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্ব না হয়, সে জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্যোগও নেন তিনি। চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল উপহার দেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তিনি বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।”
দিনব্যাপী গণসংযোগকালে স্থানীয়রা তাদের নানা সমস্যা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, অতীতে তারা কোনো সংসদ সদস্যকে এভাবে সাধারণ মানুষের কাছে এসে সরাসরি তাদের সমস্যার কথা শুনতে দেখেননি। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যদেরও এভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিতে দেখা যায়নি। সংসদ সদস্যকে পাশে পেয়ে এবং সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখার এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।