গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. নাসিম মণ্ডলের উদ্যোগে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মণ্ডল।
সিকান্দার মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন খোরশেদ আলম মোল্লা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নাসিম মণ্ডল।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। নাসিম মণ্ডল তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়াই নির্বাচনী উঠান বৈঠকের অন্যতম উদ্দেশ্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রীপুর পৌরসভার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
সভায় স্থানীয় বাসিন্দারা পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, প্রার্থী ও সমর্থকসহ এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।