জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি বা দ্রুত সমাধান সম্ভব নয়, এটি পুরোপুরি দূর করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট ২০২৬) রাজধানী ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে অর্থবহ কিছু অর্জন করা সম্ভব নয় এবং একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, কেবল অর্থমন্ত্রী বা সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কমিটি গঠন করেছে এবং একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করেছে।

বিএনপি সরকারের সফলতার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বারবার কঠিন পরিস্থিতি সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

একই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি অফিসগুলোতে অপ্রয়োজনীয় কাগজপত্র এবং অনৈতিক অর্থ লেনদেনের দাবি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নাগরিক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত খরচ এবং হয়রানি চাপিয়ে দেয়।