বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠন মজবুত করার মাধ্যমে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জামায়াতের কর্মীদের সমাজকর্মী আখ্যায়িত করে বলেন, মানুষের সকল সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সকল স্তরের জনশক্তির তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।
নওগাঁ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা নায়েবে আমীর ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন, মারুফ আহমেদ প্রমুখ।