সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।