বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা : নির্বাচন পরবর্তী জনআকাক্সক্ষার প্রতিফলনের মহাসুযোগে ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের মানুষের আবেগ-অনুভতির প্রতি শ্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, উল্লাপাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লাপাড়া পৌরসভাস্থ আবু হুরারাই মিলনায়তনে অনুষ্ঠিত ও উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন;উল্লাপাড়া উপজেলা নায়েবে আমীর ড. নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি খায়রুল ইসলাম ও অফিস সেক্রেটারি আব্দুল বারী প্রমুখ।

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান আরো বলেন ,বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এবং ন্যায় ও ইনসাফের উপর দাঁড় করিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মুখে হাসি ফুটানো, জীবনমান উন্নতকরণ ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত সংসদের ভিতরে ও রাজপথে কাক্সিক্ষত ভূমিকা পালন করে যাবে।

তিনি আরো বলেন,সারা দেশে জামায়াতের প্রতি ব্যাপক জনমত তৈরি হয়েছে। আগামী দিনে একটি ইসলামী সমাজ ব্যবস্থার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমতাবস্থায় জামায়াতের দায়িত্বশীলদের কর্মীদেরকে দেশ ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তিনি,কর্মীদের নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আহবান জানান।