বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৩৯ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয় লাল দল। বিপরীতে সবুজ দল পায় ১৫ পয়েন্ট।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসরাইল হাওলাদার।

এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়াড় খুঁজে বের করা। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করারও সুযোগ তৈরি করছে এ আয়োজন।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পূবাইল থানার অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কাবাডির মতো দেশীয় ও ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর জীবনধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।