জামায়াত কেবল কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি পূর্ণাঙ্গ সেবামূলক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, "জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। তারা সর্বদা মানুষের কল্যাণে কাজ করে।"
শুক্রবার সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চল কর্তৃক আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত সেদিনই প্রকৃত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসবে, যেদিন একজন ওয়ার্ড কর্মীর মাধ্যমে সাধারণ এলাকাবাসী প্রত্যক্ষভাবে সুবিধা পাবে।
প্রতিষ্ঠার পর থেকেই দলটির সেবামূলক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে বর্তমানে বিনামূল্যে রক্তদান ও অ্যাম্বুলেন্স সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবার কার্যক্রমও চালু রয়েছে।
সমাজের বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ও ফ্যাসাদ দূর করতে হবে। সাধারণ মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠায় সংগঠনের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য সব দায়িত্বশীলকে ইমানি ও নৈতিক দিক থেকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।
পরিশেষে, ঢাকাকে ইসলামের আদর্শ ও ইনসাফের ভিত্তিতে একটি মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড. মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট আলেম ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার এবং হেমায়েত হোসেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ, আহসান উল্লাহ ও আবু সাঈদ মন্ডলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।