নোয়াখালী পৌর এলাকায় নিজ বসতঘরে লাইলী বেগম (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ আগস্ট) সকালের দিকে জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আলী আজম মুহুরী বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লাইলী বেগম সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার আলমগীর হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে বা রাতের কোনো একসময়ে নিজ ঘরে ঢুকে দুর্বৃত্তরা লাইলী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে তার রক্তাক্ত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সুধারাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে থানায় আটক করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে এ নিয়ে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।