বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১৪ আগস্ট) বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভিসি পরীক্ষা কার্যক্রম, পরীক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের নিয়ম মেনে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশ দেন।
পরে তিনি বাউবির গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপাচার্য বলেন, বাউবি শিক্ষার্থীকেন্দ্রিক প্রতিষ্ঠান। তাই আন্তরিকতা, নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে শিক্ষার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।