ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, দেশে ফিরতে চাইলে তিনি অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘দেশে আসুন, ইনশাআল্লাহ রাজপথেই দেখা হবে।’
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। সরকারের কোনো ভুলত্রুটি হলে জনগণ তা ধরিয়ে দেবে এবং সংশোধনের সুযোগ দেবে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার কখনোই আওয়ামী লীগের মতো হতে চায় না।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায় না। এসব ঘটনার পরও দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে বয়স ৮২ হলেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি এখনো অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, দেশের মানুষের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যেই তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র, জনগণের অধিকার এবং আইনের শাসনের ভিত্তিতেই এগিয়ে যাবে।