বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছিল। রাজধানীতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছাড়া ওইসব ব্যক্তির কোনো নিজস্ব রাজনৈতিক বা সামাজিক পরিচয় ছিল না।

বিরোধী দলের সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘উনাদের তো জুলাই বিক্রি করতে হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা, আমাদের সবার পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নেই। আমরা এখানে যারা বসা আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তো তাদের চেনে না বাংলাদেশে।’

তিনি বলেন, ‘ক্রিকেট খেলার একটা উদাহরণ আমি পার্লামেন্টে বলেছিলাম যে ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাই ব্যাপারটা তারা বিক্রি করবে। তারা বিক্রি করে এই আন্দোলনকেই ছোট করবে।’

আওয়ামী লীগের কথা মনে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বা অন্যদের কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনের কথা ভুলে না যাই- যারা বাংলাদেশের সিস্টেমকে করাপ্টেড করেছে, যারা ১৭ বছর আমাদের ঘুমাতে দেয়নি, যাদের অত্যাচারে এই জুলাই এসেছে।’