জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় একটি ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের বাঙালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমি চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
ম্যারাথন র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”
তারা আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় ‘কোটা না মেধা’, ‘আজাদি না গোলামি’ এবং ‘দিল্লি না ঢাকা’—এ ধরনের স্লোগান উচ্চারিত হয়েছিল।”
বক্তারা আরও দাবি করেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।”
ম্যারাথন র্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।