স্টাফ রিপোর্টার

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে। তবে গণমাধ্যমের স্বাধীনতা ভোগের পাশাপাশি সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। গতকাল শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন তথ্যমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে মন্ত্রী একটি গণমাধমকে বলেন, অফিস শুরুর পর গণমাধ্যমবান্ধব পরিবেশে মন্ত্রণালয়ের কাজের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কাজ শুরু করবেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো জানেন কখন কাকে কোথায় দায়িত্ব দিতে হবে। যেহেতু অনেক দিন ধরে রাজনীতির পাশাপাশি মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে, তাই আশা করি সবার সহযোগিতায় ভালো কিছু করতে পারব।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বিগত ১৭ বছরে তৎকালীন সরকারের ভয়ভীতির মধ্যেও গণমাধ্যম জনগণের কথা বলার চেষ্টা করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ওপর কোনো অহেতুক নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের মানসিকতা নেই। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তবে মুক্ত মানে ‘কেয়ারলেস’ বা দায়িত্বজ্ঞানহীন হওয়া যাবে না। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ, তাই দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনায় থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে।