দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মোহাম্মদ সাদ্দাম হোসেন তুহিন।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ধারা ৫-এর উপধারা (১) অনুসারে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারকদের সমপর্যায়ের হবে। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করে এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল।