দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে।

ভোটগ্রহণ শেষে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, "আপনাদের সার্বিক সহযোগিতায় ভোটদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। এখন ভোট গণনার পালা। গণনা শেষে এখানেই ফলাফল ঘোষণা করা হবে।"

এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

দুপুর ২টায় ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে সিইসি সংসদ সদস্যদের ভোটদানের নিয়মকানুন বুঝিয়ে দেন। এই ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে শুরু থেকেই সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে ব্যালট গণনার কাজ। গণনা শেষে কোন প্রার্থী কতটি ভোট পেলেন এবং কে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।