দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের সব দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত স্পিকার, যা তাকে শপথ করানোর জন্য সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ করে তুলেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করায় সাংবিধানিকভাবে তার করণীয় কী। এ বিষয়ে মতামত চাওয়া হলে আইন মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ডেপুটি স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মতামতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের সব দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। ফলে শুক্রবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছেই নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।