বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাঞ্ছারামপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সোহেল তানভীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাহিত্য সম্পাদক সাইদূর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিনুন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জকসুর জিএস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলীম আরিফ এবং রফিকুজ্জামান রুমন (মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার সাবেক এমপি প্রার্থী মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর দেওয়ান মো. নকিবুল হুদা, শামিম নূর ইসলাম, আলাউদ্দিন সাদী, মুফতি কামাল ভূইয়াসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে এগিয়ে আসার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।