বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দলের প্রবীণ ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু তালেব এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির একজন প্রাজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকে স্বৈরাচার ও অধিকার আদায়ের রাজনীতিতে সক্রিয় থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং দীর্ঘ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট, মামলা-হামলা ও চরম প্রতিকূল পরিস্থিতিতেও রিজভী রাজপথের লড়াকু সৈনিক হিসেবে অবিচল থেকেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন নেতৃত্ব দলের নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করেছে। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দলের নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি হিসেবে দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে যাবে।