মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছে সামান্য ৩০ টাকা আবদার করে না পেয়ে অভিমানে রায়হান (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে মনাইরকান্দিতে নানার বাড়িতে থাকত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রায়হান ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে বেঁধে রাখে। এরপর পরিবারের সদস্যদের চোখের সামনেই ঘরের জানালায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ঘটনার পর স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।