রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে জনি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা শ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম তোতা মিস্ত্রি। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে চারটার দিকে বড়ইতলা এলাকায় ছিনতাইয়ের সময় জনিকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে কদমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে জনি গুরুতর আহত হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।