নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় নকলের দায়ে কুমিল্লার নাঙ্গলকোটে দুই মাদরাসা ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সালমান হোসেন সিয়াম ও ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন। নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা তাদেরকে নকল-সহ হাতেনাতে আটক করেন। বৃহস্পতিবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর থেকে পরীক্ষা শেষ পর্যন্ত ওই ভূমি কর্মকর্তা মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অবস্থান করেন।

কেন্দ্র সচিব ও নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং হাতে নাতে নকল ধরা পড়ায় শিক্ষার্থীদ্বয়কে ১বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।