বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গাজীপুরের বাউবি মূল ক্যাম্পাসের টিচার লাউঞ্জে অনুষ্ঠিত সেমিনারে দুই পিএইচডি গবেষক তাদের চলমান গবেষণার বিষয়, গবেষণা পদ্ধতি ও বিশ্লেষণধারা উপস্থাপন করেন।

পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মঈনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. ইকরামুল হক। স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকও এতে অংশ নেন।

গবেষক আসাদুজ্জামান 'Impact of Service Quality on Patient Satisfaction in Rural Healthcare Services in Bangladesh' শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মানের সঙ্গে রোগীর সন্তুষ্টির সম্পর্ক বিশ্লেষণ করা হয়।

অপর গবেষক মোহাম্মদ হাফিজুর রহমান 'The Mediating Role of Employee Engagement...' শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে সরকারি বাণিজ্যিক ব্যাংকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা, কর্মীর সম্পৃক্ততা ও চাকরিসন্তুষ্টির পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়।

সেমিনারে গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষক ও বিষয় বিশেষজ্ঞরা গবেষণার মানোন্নয়ন, তথ্য বিশ্লেষণ ও গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে উপস্থাপনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।