রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি  নিষিদ্ধ দাবিতে নানা স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতিতে একপর্যায়ে তারা গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থীরা হোস্টেল থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করেন এবং কলেজকে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রাখার দাবি জানান। পরে ক্ষুব্ধ ছাত্রীরা প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা যাবে না।

জানা গেছে, সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এ ঘটনার পরই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা আন্দোলনে নামেন।