ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) অ্যাল্যামনাই বাংলাদেশ চ্যাপ্টারের ২০২৬-২০২৮ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল আজিজ, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. এম. তুহিন মিয়া। প্রধান নির্বাচন কমিশনার মো. সোলায়মান মিয়া এবং নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী শাহাদাত কবির ও প্রফেসর ড. মো. আব্দুল জলিল ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সেলিম আহমেদ, ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও ড. আফরোজা বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. একরাম উদ্দিন ও খালিদ হেলাল। কোষাধ্যক্ষ হিসেবে গোলাম মর্তুজা এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে খোরশেদ আলী মন্ডল দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন সৈয়দুল হক সাদী (মিডিয়া ও যোগাযোগ), আবদুল কাদের জিলানী (একাডেমিক ও গবেষণা), আসিফ জামিল শাহাদ (ক্যারিয়ার ও নিয়োগ) এবং ফরহাদ আহমেদ (দপ্তর সম্পাদক)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. তাজিন আজিজ চৌধুরী, ড. জাকির হোসেন সেলিম, ড. মহিবুল্লাহ, ড. ইব্রাহিম খলিল, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাবিবুল্লাহ হাদী।

এছাড়া শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন এমপি-সহ আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে রয়েছেন- দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, প্রফেসর আতাউল হক প্রামাণিক, প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম, মো. সোলায়মান মিয়া এবং প্রফেসর ড. কাজী শাহাদাত কবির।

সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকাশক, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) এর কান্ট্রি ডিরেক্টর, একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক, বিআইআইটি পাবলিকেশন্স (বিপি) এর ম্যানেজিং পার্টনার, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ভিজিটিং প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) এর প্রতিষ্ঠাতা পরিচালক, তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ইসলামিক বুক পাবলিশার্স (আইইউআইবিপি) এর কো-ফাউন্ডার, ব্যাংককের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইআইপিডিএস) এর ভিজিটিং ফেলো, বাংলাদেশ জার্নাল অব ইন্টিগ্রেটেড থট (বিজেআইটি) ও ইন্টারন্যাশনাল জার্নাল অব ইসলামিক থট (আইজেআইটি) এর প্রধান সম্পাদক, কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঢাকাস্থ কিশোরগঞ্জ ফোরামের সভাপতি। তিনি ৭টি মৌলিক গ্রন্থের লেখক, ১২টি বইয়ের কো-অথর এবং ২৫টিরও বেশি বইয়ের সংকলক ও সম্পাদক। এছাড়াও তিনি বহু সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ তুহিন মিয়া একজন বিশিষ্ট আইনবিদ, গবেষক ও শিক্ষাবিদ। তিনি বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর আইন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবনে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে কম্পারেটিভ ল এর উপরে মাস্টার্স ডিগ্রি এবং আন্তর্জাতিক শ্রম আইন এর উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়েরও একজন এলামনাই। তার জন্মভূমি বরগুনার পাথরঘাটায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি ফেডারেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ ও একাধিক বইয়ের চ্যাপ্টার প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদক ও রিভিউয়ার হিসেবেও কাজ করছেন। সমাজের প্রান্তিক ও অভিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তাঁর গবেষণা ও সামাজিক সম্পৃক্ততা বিশেষভাবে প্রশংসিত।

সভাপতি ড. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, আইআইইউএম অ্যালামনাই বন্ধুত্ব, জ্ঞান, অভিন্ন মূল্যবোধ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের এক অনন্য উদাহারণ। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কে উন্নয়নের লক্ষ্যে এটি নিবেদিত। আইআইইউএম এর গ্র্যাজুয়েটদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, অর্থনৈতিক সহযোগিতা এবং সংযোগ বৃহত্তর সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছে। অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের লক্ষ্য হলো অ্যালামনাইদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি করা, বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের সহায়তা করা, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা এবং জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা। গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি এবং যুব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশি ও মালয়েশিয়ান প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা।

সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ তুহিন মিয়া বলেন, আমরা আইআইইউএম এর বাংলাদেশি অ্যালামনাইদের মধ্যে সেতুবন্ধন গড়তে চাই। যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং বৈশ্বিক ইসলামী মূল্যবোধের এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে পরিচিত। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর যেখানে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন, যেখানে তারা শুধু শিক্ষা নয়, বরং চরিত্র গঠন, বহুসাংস্কৃতিক উপলব্ধি এবং মানবতার সেবার চেতনাও অর্জন করেছেন। বর্তমানে আইআইইউএম’র অ্যালামনাইরা শিক্ষা, সরকার, ব্যবসা, আইন, স্বাস্থ্যসেবা, কূটনীতি, গণমাধ্যম এবং সামাজিক উন্নয়নসহ নানা খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টিগ্রেশন, ইসলামাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন এন্ড কমপ্রিহেনসিভ এক্সেলেন্স’ এই মহৎ দর্শনে অনুপ্রাণিত হয়ে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছেন। ফলে তাদের ঐকবদ্ধ প্রয়াসে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

উল্লেখ্য, গত শনিবার আইআইইউএম অ্যাল্যামনাই বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার রাওয়া কনভেনশন স্কাই রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. কাজী শাহাদাত কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. শুহাদা ওসমান, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, জাতীয় সংসদের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি।