গাজীপুরের জয়দেবপুরে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ জাহিদ হাসান (১৮) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় পিস্তল সদৃশ একটি এয়ারসফট খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় জাহিদ হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Juvenile Gang Leader Arrested in Gazipur with Two Foreign-Made Pistols._16x9

র‍্যাব জানায়, গাজীপুরের বানিয়ারচালা এলাকায় জাহিদ হাসান দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। অস্ত্র প্রদর্শন করে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়েও বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ চলছিল বলে র‍্যাবের কাছে তথ্য ছিল।

এছাড়া নিজের দলে লোকজন ভেড়াতে অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। র‍্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে জাহিদের নিজ শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি এয়ারসফট খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে তার হেফাজতে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না-তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেফতার জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।