যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার রাজাপুর জামতলা বাজার ও শহরের বারান্দীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাজাপুর জামতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যশোর-মাগুরা মহাসড়কে ‘সাইরা পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার মনজুরা ওরফে মনজুরা বুড়ী (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী সদরঘাট এলাকার আব্দুর রাজ্জাক (৫৩), একই এলাকার সোহেল রানা (২২) এবং যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার আব্দুল গনি (৫৪)।

অন্যদিকে, একই রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় পৃথক অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি দল। জামিয়া কাসিমিয়া আরাবিয়া বারান্দীপাড়া মাদ্রাসার উত্তর পাশে একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে তল্লাশি চালিয়ে চৌকির নিচে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্যারেজের মালিক ও স্থানীয় বাসিন্দা মামুন হোসেন (৪৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আক্তার রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানের ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

অপর অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মামুন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।