রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৭০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা এবং দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি সিএনজি এবং একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।