খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় ঘটনা ঘটে। নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু শিকদার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহ সৃষ্টি হলে কয়েকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#