চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর তেজগাঁও থানাধীন ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান মিয়া চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের মফিজ মিয়ার ছেলে।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।

তাকে আজ সোমবার কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।