ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কোটচাঁদপুর থেকে ১২৮ বোতল ভারতীয় অবৈধ মাদক ‘উইনকোরেক্স’ সিরাপসহ সাবেক এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত মো. হাসান-আল বান্না (৩২) ডিএমপিতে কর্মরত ছিলেন। একটি চাঁদাবাজি মামলায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
শনিবার দুপুরে পৌর শহরের সলেমানপুর ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো. আমজাদ চৌধুরীর ছেলে এবং বর্তমানে কোটচাঁদপুরের বাসিন্দা।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান চলছিল। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহিতুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সলেমানপুর ঘোষপাড়ায় অভিযান চালিয়ে মাদকসহ ওই কারবারিকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং রোববার তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আনসারুল্লাহ হক বলেন, "ডিবি পুলিশ মাদকসহ একজনকে আটক করেছে বলে শুনেছি। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।"