মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. জুলহাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বানিয়াজুরী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে থাকতেন। গত রবিবার সকালে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর নির্যাতন চালান জুলহাস। তিনি এর আগেও একাধিকবার ভয় দেখিয়ে এ ধরনের কাজ করেছেন বলে জানিয়েছে শিশুটি। ভয়ে শিশুটি এতদিন কাউকে এ ঘটনা বলার সাহস পায়নি।
সোমবার সকালে নির্যাতনের শিকার শিশুটি কান্নাকাটি করে পুরো ঘটনা তার মাকে জানায়। তার মা বিচারের আশায় স্থানীয় বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান।
বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, সোমবার সকালে ভুক্তভোগী শিশু ও তার মা এসে জুলহাসের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন। আমি বিষয়টি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করি। পরবর্তীতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়েরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন। মামলা দায়ের শেষে প্রয়োজনীয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতের মাধ্যমে অভিযুক্ত জুলহাসকে জেলা কারাগারে পাঠানো হবে। ঘটনার পেছনে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।