গাজীপুরের শ্রীপুরে এক সাংবাদিকের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর, কামড়ে আহত করা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. ওয়াসিম আকরাম মঙ্গলবার (২১ জুলাই) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ওয়াসিম আকরামের স্ত্রী শ্রীপুরের সিংদিঘী এলাকায় অবস্থিত রাফিয়া অ্যাপারেলস লিমিটেডে কর্মরত। গত সোমবার (২০ জুলাই) সকালে কর্মস্থলে সহকর্মী আফরোজা আক্তারের সঙ্গে তার কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে। তবে ওই ঘটনার পর তিনি বাসায় ফিরে আর কর্মস্থলে যাননি।
অভিযোগ অনুযায়ী, একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে আফরোজা আক্তার, আল-আমিন, আমেনা আক্তারসহ কয়েকজন তাদের বাড়িতে এসে দরজা খুলতে বলেন। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে ওয়াসিম আকরাম ও তার স্ত্রীর ওপর হামলা চালান।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে এক নারী অভিযুক্ত তার ডান হাতের কব্জিতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন। অপর এক নারী অভিযুক্ত চুল ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। এ সময় তার স্ত্রীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত নারীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে সাংবাদিক মো. ওয়াসিম আকরাম বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”