তিন দিনের রিমান্ড ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর হয়েছে। শনিবার বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানোর হয়।

এর আগে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। শনিবার দুপুরে বিচারক আব্দুল্লাহ আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।

এর আগে গত মঙ্গলবার দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা পিবিআই। গ্রেফতারের পর বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে। বুধবার বিকেলে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লার সদর কোর্টের বিচারকের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

অন্যদিকে গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।