খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) রুটিন দায়িত্ব থেকে বিতর্কিত বঙ্গবন্ধু প্রকৌশলী নেতা রেজাউল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পরিকল্পনা-৩ শাখা) উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম পরিচালনার স্বার্থে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে জরুরী ভিত্তিতে প্রকল্প পরিচালক নিয়োগের প্রস্তাব প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালক (রুটিন দায়িত্ব) থেকে অব্যাহতি পাওয়ার পর এবার প্রকল্প পরিচালকের পদ পেতে রেজাউল ইসলাম ক্ষমতাসীন দলের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ এবং বড় অংকের অর্থ নিয়ে জোর তদবির শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতির একাধিক অভিযোগ অফিসিয়াল তদন্তনাধীন রয়েছে। ইতোমধ্যে তার দুর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এমনকি তিনি ‘খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালক পদ পাওয়ার জন্য তৎকালীন ছাত্র সমন্বয়কদের মাধ্যমে বিভিন্ন স্তরে দৌড়ঝাঁপ করে মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এবং খুলনা ওয়াসার কর্তৃপক্ষকে বিভিন্নভাবে ম্যানেজ করেন । যে কারণে একাধিক অভিযোগ থাকা স্বত্বেও গত বছরের ১১ ডিসেম্বর মন্ত্রণালয়ের পরিকল্পন-৩, শাখা থেকে উপসচিব ইবাদাত হোসেন স্বাক্ষরিত পত্রে তাকে অনিয়মের মাধ্যমে প্রকল্প পরিচালকের (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়। এছাড়া তিনি ইতিপূর্বে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে আইবি নির্বাচন করেন।