গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)।
২২ আগস্ট (শনিবার) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব তাঁকে জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
গাকৃবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তাঁরা আশা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
অভিনন্দন বার্তায় দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশ উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে শিক্ষক সমিতি।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর বলিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।