চীনের বেইজিংয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডাকসুর জিএস এস এম ফরহাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে চীনের তরুণদের শিক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), গবেষণা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার প্রস্তাব উপস্থাপন করেছে ডাকসু।
ডাকসু, পিকিং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রনেতৃবৃন্দ এবং চীনা দূতাবাসের প্রতিনিধিদের অংশগ্রহণে সভায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়: ১. তরুণ প্রজন্ম কীভাবে নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জাতীয় চেতনাকে ধারণ ও বিকশিত করতে পারে, ২. পিকিং বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার অভিজ্ঞতা ও কার্যক্রম, ৩. বিশ্ববিদ্যালয় জীবনে তরুণদের নেতৃত্বগুণ, দেশপ্রেম, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও যুগোপযোগী দক্ষতা অর্জনের উপায় এবং ৪. হাজার বছরের চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের তরুণদের যৌথ উদ্যোগ ও সহযোগিতার সম্ভাবনা।
এছাড়া উচ্চশিক্ষায় স্কলারশিপ সুবিধা বৃদ্ধি, গবেষকদের জন্য গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সেন্টার স্থাপন এবং বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ডাকসু প্রস্তাবনা দিয়েছে।
পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ডাকসুর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবসমূহকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের তরুণ প্রজন্মের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সমন্বয় গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।