গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়াম হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মো. জাহাঙ্গীর কবির।

সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একটি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষক সমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে মেধাবীদের উৎসাহিত করতে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ আয়োজনের বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।