যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’-র উদ্যোগে এলাকার বিভিন্ন অসহায়, দুস্থ ও সমস্যাগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল এমপি। তিনি উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দিয়ে বলেন, মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিভিন্ন সমস্যায় আক্রান্ত পাঁচজন উপকারভোগীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে দুই হাত অচল পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণের জন্য জাহান আলীকে ১০ হাজার টাকা, কন্যার বিয়ের সহায়তা হিসেবে পারভিনাকে ৫ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং স্বামী পরিত্যক্তা আফরোজা বেগমকে ঘর নির্মাণের জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক শামীম হোসেন, মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ আবু জাকারিয়া, সদস্য ইনামুল হক, ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আসমতউল্লাহ, মাহমুদ হাসান, মনিরুল ইসলাম, রিয়াজুল ইসলামসহ সংস্থার নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার পরিচালক মো. কামাল হোসেন।

শেষে উপকারভোগীরা এ সহযোগিতার জন্য আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।