ঢাকাস্থ কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে হাইকমিশনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাতকালে জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল হাইকমিশনারকে সালাম পৌঁছে দেন। সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে হাইকমিশনার ও তাঁর স্ত্রী আহত হন। বর্তমানে তাঁরা ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।
সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে হাইকমিশনারের আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। জামায়াত আমিরের এই খোঁজখবরের জন্য মান্যবর হাইকমিশনার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।