বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদস্য (রুকন) মাহমুদুল হাসান জাহাঙ্গীরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল রোববার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাহমুদুল হাসান জাহাঙ্গীরের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মাহমুদুল হাসান জাহাঙ্গীর স্ট্রোকজনিত কারণে গত ১৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় ৬৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ৫ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। পরের দিন বুধবার বাদ জোহর জানাযা শেষে তাকে দক্ষিণ পরিহলপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।