ডাকাতির অর্থের ভাগ না দেওয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা প্রকাশ্যে গুলী করে আন্তঃজেলা ডাকাত সর্দার রাজু ওরফে গালকাটা রাজুকে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার ওপর আরও একদফা হামলা চালায় ওই সন্ত্রাসী বাহিনী। তবে হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে তিনি বেঁচে যান। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে তার অপারেশন সম্পন্ন হয়। তবে হামলাকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে লবণচরা থানাধীন কুবা মসজিদ এলাকায় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের এলোপাতাড়ি গুলীতে রাজু ওরফে গালকাটা রাজু (৩৫) আহত হয়। গুলীবিদ্ধ হওয়ার পরে পরিচিত এক নারীর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু গুলীবিদ্ধ হওয়ার ঘটনাটি পুলিশ কেস হওয়ায় কোনো হাসপাতালে তাকে ভর্তি নেয়নি। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওই নারী। কিন্তু পরিবেশ পরিস্থিতি খারাপ দেখে রাজুর পরিচিত ওই নারী তাকে একা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর খোঁজ নিয়ে কোথাও পায়নি।