জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না খুলনা বাইপাস সড়কের। ৮শ’ মিটার সড়কটিতে কেডিএ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও বিভিন্ন জায়গা পুন:দখল হয়ে যায়। উচ্ছেদ অভিযানের আওতায় পড়া এক বাড়ির মালিক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা সিটি কর্পোরেশনকে বিবাদি করে মামলা ঠুকে দেয়ায় তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে কোর্ট। ফলে ওই অংশের রাস্তার কাজ করতে পারছে না কর্তৃপক্ষ। তবে কেসিসি বলছে ওই অংশটুকু বাদে বাকি অংশের কাজ এগিয়ে নেবেন তারা। ইতোমধ্যে ৩শ’ মিটার সড়ক নির্মাণ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। মামলার সমাধান হলে বাকি কাজের টেন্ডার হবে।

কেসিসি সূত্রে জানা যায়, ৬০ ফিট চওড়া সড়কটির বেশিরভাগ অবৈধ দখলে থাকায় কেডিএর ব্যবস্থাপনায় ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে। তবে রাস্তার সীমানার মধ্যে পড়ায় একটি বাড়ির কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। বাড়ির মালিক মামলা দায়ের করায় কোর্ট তিন মাসের স্থগিতাদেশ দেয়। এ ছাড়া মৌজা সংক্রান্ত জটিলতা থাকায় রাস্তার কিছু অংশ ৬০ ফিটের পরিবর্তে ৪০ ফিট করা হবে।

নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না বলেন, দীর্ঘ সময় ধরে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। খুলনা থেকে সড়ক পথে ২১ জেলার প্রবেশ এবং বাহির হওয়ার প্রধান সড়ক এটি। জনস্বার্থে মামলা সংক্রান্ত বিষয়টির দ্রুত সুরাহা করে জনভোগান্তি লাঘবে মনোযোগি হবে বলে প্রত্যাশা। জটিলতা থাকলে তা সমাধান করে দ্রুততম সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে।

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবির-উল-জব্বার বলেন, জুন মাসে ওয়ার্ক- অর্ডার দিয়ে চলতি বছরের আগস্ট মাস থেকে কাজ শুরু করতে পারবো। মামলা সংক্রান্ত জটিলতার সমাধান হলে রাস্তার বাকি ৫শ’ মিটারের নির্মাণ কাজ শুরু করতে পারবো। প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ছাড়ের চেষ্টা চলছে। রাস্তাটিতে ড্রেন, ফুটপাত, মিড আইল্যান্ড, ইলেকট্রিসিটি, বিউটিফিকেশান সবই থাকবে।