খুলনায় নাজমুল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে নগরীর রেলওয়ে নিউ কলোনী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই কলোনীর আলী আহমেদ ফারাজীর ছেলে। এর আগে শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।
খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে ওই যুবক বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চেয়েছিল। বাবা টাকা দিতে অস্বীকার করে। এরপর থেকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম বাড়ি থেকে বের হওয়ার ঘটনা আগেও সে করেছে। পরিবারের লোকজন আর তার কোনো খোঁজ নেয়নি। রোববার সকালে বাবা খোঁজ নিতে ঘরের সামনে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর দিলে ঘরের আড়া থেকে লাশটি নিচে নামায় পুলিশ। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।