শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কাঠের ঘর হওয়াতে মুহূর্তের মধ্যেই সে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তাদের পক্ষে তা নেভানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজারের কোনও একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের তরফ প্রাথমিক অনুমান জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী ইতিমধ্যে সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা বিবেচনা করে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার সকালে এমপি মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে মাসুদ সাঈদী এমপির পাঠানো বিশেষ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এমপির দেওয়া ১০ হাজার টাকা করে সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সংসদ সদস্য মাসুদ সাঈদী নিজেই ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে দ্রুত অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দোকান পুননির্মানের জন্য টিনসহ আরো কিছু সহযোগিতা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।